ভর্তি ছাড়া বই দেবেন না প্রধান শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিনেই নতুন পাঠ্যবই পেয়েছে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে চার দিন ঘুরলেও নীলফামারীর এক বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীর হাতে ওঠেনি বই। তাদের অভিযোগ, ভর্তি ফি ছাড়া বই দিচ্ছেন না প্রধান শিক্ষক।
ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম চিলাহাটি মার্চেন্ট উচ্চবিদ্যালয়। এটি ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে অবস্থিত। জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভর্তির অজুহাতে বই আটকাব কেন? বিদ্যালয়ের ৮০ ভাগ শিক্ষার্থীকে বই দেওয়া হয়ে গেছে। আজ বুধবারের মধ্যে শতভাগ শিক্ষার্থী বই পাবে।’ তবে নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একজন শিক্ষক গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বলেন, অনেক শিক্ষার্থীকে এখনো বই দেওয়া হয়নি।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ঘোষণা মোতাবেক বছরের প্রথম দিনই সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের কথা। সে হিসেবে ১ জানুয়ারি বই নিতে শিক্ষাপ্রতিষ্ঠানে যায় শিক্ষার্থীরা। তবে এদিন যারা ফি দিয়ে বিভিন্ন ক্লাসে ভর্তি হয়েছে, তাদেরই কেবল বই দেওয়া হয়।
এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, তাঁর ছেলে এবার সপ্তম শ্রেণিতে উঠেছে। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় তাকে এখনো ভর্তি করাতে পারেননি। নতুন বই না পাওয়ায় মন খারাপ হয়েছে তার।
অভিযোগ পেয়ে শিক্ষা বিভাগের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করেছেন। তাঁরা অভিযোগের সত্যতা পেয়েছেন।
ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকিরিনা বেগমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি। তবে জেলা শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি দুজন কর্মকর্তাকে গত মঙ্গলবার ওই বিদ্যালয়ে পাঠিয়েছিলাম। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমি শিগগিরই প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ পাঠাব। জবাব পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’