চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত ১২ হাজার ৭৫৯ শিক্ষার্থী ‘ভর্তির প্রাথমিক নিশ্চায়ন’ কার্যক্রম শেষ করেনি। ফলে তাদের আবেদন বাতিল হয়ে গেছে। এখন এসব শিক্ষার্থীকে নতুন করে আবেদন করতে হবে এবং তা করতে হবে আজ রোববার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যেই।
এদিকে প্রথম পর্যায়ে নির্বাচিত না হওয়া (আসন না পাওয়া) ১১ হাজার ৯৩২ শিক্ষার্থীও একই সুযোগ পাবে। কলেজে ভর্তির প্রক্রিয়া নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের ‘ভর্তির প্রাথমিক নিশ্চায়ন’ কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত সময়ে মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে বোর্ডের রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে জানান, নতুন আবেদন করা শিক্ষার্থীদের ফল ১৩ জুন প্রকাশ করা হবে। এতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৪ থেকে ১৫ জুনের মধ্যে বোর্ডের নির্ধারিত ফি জমা দিয়ে ‘ভর্তির প্রাথমিক নিশ্চায়ন’ কার্যক্রম শেষ করতে হবে। এরপরই তারা কলেজে ভর্তির সুযোগ পাবে।
চলতি মাসের ৫ তারিখ কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়। এতে নির্বাচিত হয় ৯৭ হাজার ১৫০ শিক্ষার্থী। তাদের মধ্যে ৮৪ হাজার ৩৯১ জন ‘ভর্তির প্রাথমিক নিশ্চায়ন’ কার্যক্রম সম্পন্ন করেছে। একাদশ শ্রেণিতে দুই ধাপে ভর্তি কার্যক্রম চলবে। ২০ থেকে ২২ জুন এবং ২৮ ও ২৯ জুন কলেজে শিক্ষার্থীদের ভর্তি হতে হবে।