ভর্তি পরীক্ষা এলেই সবকিছুতে বাড়তি দাম!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন চত্বর থেকে মূল ফটক পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার নির্ধারিত ভাড়া পাঁচ টাকা। এখন তার বদলে নেওয়া হচ্ছে ১০ টাকার বেশি। মূল ফটক থেকে নগরের বিপণিবিতান পর্যন্ত যেখানে তরীর (ছোট পরিবহন) নির্ধারিত ভাড়াই ১৫ টাকা, সেখানে ৫০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষার সময় এ দৃশ্য যেন অবধারিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
এ নিয়ে প্রতিদিনই শিক্ষার্থীদের সঙ্গে পরিবহনচালকদের মধ্যে সংঘাত হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নৈরাজ্য থামাতে পারছে না।
ভর্তি-ইচ্ছুক নিকটাত্মীয়কে নিয়ে গতকাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সাবেক শিক্ষার্থী ওমর ফারুক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখনো দেখতাম ভর্তি পরীক্ষার সময় অবৈধভাবে পরিবহনের ভাড়া বাড়িয়ে দেওয়া হতো। কিন্তু নির্দিষ্ট ভাড়ার চেয়ে তিন-চার গুণ বাড়াতে কখনো দেখিনি। আজ (শুক্রবার) আমাদেরকে ১২ টাকার ভাড়া ৫০ টাকা করে দিয়ে আসতে হলো।’
বিশ্ববিদ্যালয়ে গত ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষার দিন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ অর্ধ লাখের বেশি মানুষ আসছে ক্যাম্পাসে। আর এই সুযোগে প্রায় সব পরিবহনেই ভাড়া বাড়িয়ে দিয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও তরীর চালকেরা। পাশাপাশি খাবারের দোকানেও চলছে একই অবস্থা। প্রায় সব খাবারেই দাম বাড়িয়ে দিয়েছে দোকানদারেরা। ভর্তি পরীক্ষা শুরুর আগের রাত (২৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে এই নৈরাজ্য।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষার দিন আমাদের নির্দিষ্ট ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি এবং খাবারেও বেশি দাম দিতে হচ্ছে। আমরা তো এ বাড়তি দাম দেওয়ার জন্য প্রস্তুত নয়। এতে স্বাভাবিক জীবনযাপনে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’
বেশি ভাড়া রাখার ব্যাপারে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক বলেন, ‘ভর্তি পরীক্ষার কারণে মানুষের চাপ বেড়েছে তাই আমরা একটু বেশি রাখছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি আছে কি না বললে তিনি বলেন, ‘অনুমতির কী আছে, এটা আমাদের সিজন। প্রতিবছর ভর্তি পরীক্ষার সময়ই ভাড়া বেশি নিয়ে থাকি আমরা। তাই হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে এই বিষয়টা।’
অন্যদিকে ভর্তি পরীক্ষার দিন ‘১০০ ভাগ কমন’ উল্লেখ করে করে নামে-বেনামে বিভিন্ন প্রশ্নসংবলিত সাজেশন বই বিক্রি করছেন কেউ কেউ। সেগুলোও বিক্রি করা হচ্ছে বাজার দাম কিংবা গায়ের দামের চেয়ে বেশি হারে। এ ছাড়া ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের ঠকানো হচ্ছে নানাভাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমরা পরিবহনে বাড়তি ভাড়া ও খাবারে বাড়তি দাম নেওয়া ঠেকাতে ইতিমধ্যেই লোক নিয়োগ দিয়েছি। পুলিশ প্রশাসনকেও বলা হয়েছে। পরিবহন মালিক সমিতিকেও জানিয়েছি বিষয়টি। আমরা চেষ্টার কমতি রাখছি না, তবুও এটি থামানো যাচ্ছে না।’