ভর্তি পরীক্ষা দিতে এসে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মো. সোলায়মান খান (১৭) নামের এক শিক্ষার্থী। আজ শুক্রবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দুমকি উপজেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে লেবুখালী-দুমকি সড়কে যাত্রীবাহী দুটি অটোটেম্পোর মুখোমুখি সংঘর্ষে সোলায়মান আহত হন। তিনি বরগুনার ডোসখালী গ্রামের হযরত আলী খানের ছেলে।
আজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, সোলায়মান গতকাল রাত ১০টার দিকে দুমকির পাগলা বাজার থেকে অন্য যাত্রীদের সঙ্গে টেম্পোতে করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। টেম্পোটি সড়কের মাদ্রাসা সেতু অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোলায়মান গুরুতর আহত হন। তাঁকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে আজ ভোরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান মারা যান।