রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড না করায় প্রায় ৭০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।ঘটনার সতত্যা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক শামিমুর রহমান বলেন, ‘যাঁরা নির্দিষ্ট সময়ে প্রবেশপত্র ডাউনলোড করেননি, তাঁরাই পরীক্ষায় অংশ নিতে পারেননি। প্রবেশপত্র সংগ্রহ করার শেষ সময় ছিল ১৭ নভেম্বর বিকেল পাঁচটা। পরীক্ষার্থীদের প্রত্যেককে মুঠোফোনের খুদেবার্তায় (এসএমএস) বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সংগ্রহ না করলে প্রশাসনের কিছু করার নেই।’পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থী রাহাত জামিল (রোল নম্বর ৪৪৯৩) বলেন, নির্দিষ্ট সময়ে প্রবেশপত্র ডাউনলোড না করতে পেরে তিনি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাননি। সোমবার সকালে এসে তিনি বিশ্ববিদ্যালয়ের উপচার্যের সঙ্গে দেখা করেছেন। এখন কিছু করলে বিশৃঙ্খলা হবে বলে তিনি তাঁকে ফিরিয়ে দিয়েছেন।উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বলেন, যাঁরা পরীক্ষা দেওয়ার ব্যাপারে অনিচ্ছুক ছিলেন, তাঁরাই প্রবেশপত্র সময়মতো ডাউনলোড করেননি। আর যাঁদের একটু ভুলত্রুটি ছিল, তাঁরা যোগাযোগ করে তা ঠিক করে নিয়েছেন। তিনি জানান, প্রবেশপত্র ডাউনলোড না করা শিক্ষার্থীর সংখ্যা ৭০০-এর কিছু বেশি বা কম হতে পারে। এ বছর আটটি বিভাগের ৬৬৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পাঁচ হাজার ৭৫৬ জন আবেদনকারী যোগ্য নির্বাচিত হন।