জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সমিতির সভাপতি খবির উদ্দিন।
এদিকে শিক্ষকদের চাপের মুখে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেনকে। গতকাল তাঁকে অব্যাহতিপত্র দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো ও অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে গত শনিবার অনুষ্ঠিত অন্য একটি সাধারণ সভায় ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। ২৫ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এভাবে বারবার সিদ্ধান্ত পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষক-শিক্ষার্থী। ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাদী আল হাসনাত বলেন, সেদিন সিদ্ধান্ত হলো পরীক্ষা নেওয়া হবে না। আবার গতকাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের আচরণ পরীক্ষার্থী-অভিভাবকদের বিভ্রান্ত করছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেনকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, নিয়মানুযায়ী ফয়সালকে এক মাসের নোটিশ দেওয়া হয়েছে। তিনি ১৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করবেন।
গত ১৩ জুলাই পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে শেষ কর্মদিবসে ছাত্রলীগের চার নেতাসহ ছয়জনকে অ্যাডহক (অস্থায়ী) ভিত্তিক নিয়োগ দেন উপাচার্য ফারজানা ইসলাম। ওই দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ফয়সালকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষকদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। ফলে নিয়োগ পেলেও শিক্ষকদের বিরোধিতার মুখে কাজে যোগ দিতে পারেননি তিনি। ২৩ আগস্ট তাঁর ওই নিয়োগ বাতিল করে রেজিস্ট্রারের কার্যালয়ে তাঁকে আবার অ্যাডহকভিত্তিক নিয়োগ দেন উপাচার্য। এরপর থেকেই শিক্ষকেরা তাঁর নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।