পৃথক বেতন স্কেল ও মর্যাদার বৈষম্য নিরসনের দাবিতে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার আবারও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। এর পাশাপাশি দুই ঘণ্টা অবস্থান কর্মসূচিও পালন করেন তাঁরা।
ঈদের আগে গতকাল ছিল শিক্ষকদের শেষ কর্মসূচি। দাবি না মানলে ঈদের ছুটির পর লাগাতার কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন তাঁরা। এর ফলে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও বাধাগ্রস্ত হতে পারে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে আন্দোলন কর্মসূচি চলছে। বর্তমানে এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন ১৩ হাজারের বেশি।
এদিকে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মহলে শিক্ষকদের দাবি নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়েছে। তবে ঈদের আগে সমস্যার সুরাহা হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। কারণ, নীতিনির্ধারকদের মধ্যে এ নিয়ে এখনো ভিন্নমত রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শিক্ষকদের গ্রেড-১-এ উন্নীত করার দাবি নিয়ে আলোচনা হতে পারে। তবে সব শিক্ষকের জন্য পৃথক বেতনকাঠামো করার কাজটি বেশ জটিল। বেতনবৈষম্য দূরীকরণ-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিই এ বিষয়গুলো পর্যালোচনা করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতির পাশাপাশি কলাভবনের সামনে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সমিতি ও ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ছাত্রছাত্রীদের জিম্মি করে আন্দোলন করতে চাই না। তাদের ক্ষতি হোক চাই না। তবে দাবি না মানা হলে সবকিছুই কর্মসূচির আওতায় আসতে পারে। যদি শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ না হয়, আন্দোলনে বাধ্য করা হয়, তাহলে শিক্ষা কার্যক্রম ও ভর্তি পরীক্ষা ঝুঁকির মধ্যে পড়তে পারে।’
ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল অবস্থান কর্মসূচিতে বলেন, দাবি মেনে না নেওয়া হলে দীর্ঘদিন কর্মবিরতির মতো কর্মসূচি দিয়ে হলেও আন্দোলন চালিয়ে যাবেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকনেতারা তাঁকে জানিয়েছেন, নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেছেন। কাল তৃতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হলো। এর আগে আরও তিন দিন তিন ঘণ্টা করে কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয়নি। তবে বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত সিনেট ভবনের পাশে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষকেরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও কর্মবিরতির পাশাপাশি বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির কারণে কোনো বিভাগেই ক্লাস হয়নি। তবে কয়েকটি বিভাগে পূর্বনির্ধারিত চূড়ান্ত পরীক্ষা হয়েছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও কর্মবিরতি পালন করেছেন।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা)