রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা চলার সময় ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত অবস্থান করবেন।
নিরাপত্তার বিষয়ে প্রক্টর শাহীনুর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা পরিচালনার স্বার্থে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওই সময় কেবল প্রবেশপত্র দেখানোর পরই ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। পরীক্ষার্থীদের কেন্দ্রে আসার সময় প্রবেশপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর ও পাসপোর্ট আকারের দুই কপি রঙিন ছবি আঠা দিয়ে লাগিয়ে সঙ্গে আনতে হবে। সেই সঙ্গে অবশ্যই এইচএসসি বা সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। জালিয়াতি ঠেকাতে পরীক্ষার কক্ষে মুঠোফোনসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, ঘড়ি, হেডফোন) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
প্রক্টর শাহীনুর রহমান আরও বলেন, পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয়ের চারটি ফটকের মধ্যে ২ নম্বর ফটক দিয়ে প্রবেশ ও ১ নম্বর ফটক দিয়ে বের হতে হবে। বাকি দুটি ফটক বন্ধ থাকবে।