রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এ বছর ৪ হাজার ৭২২টি আসনের বিপরীতে ১ লাখ ৬০ হাজার ৬৮২ শিক্ষার্থী আবেদন করেছেন। নয়টি ইউনিটে বিভক্ত এ পরীক্ষা শেষ হবে ১২ নভেম্বর।
আজ সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যথাক্রমে ‘এ’ ইউনিটের বিজোড় ও জোড় রোল নম্বরধারীদের এবং বেলা একটা থেকে দুইটা, সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত যথাক্রমে ‘বি’ ইউনিটের বিজোড় ও জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ২৬ জন র্যা বের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে সজাগ থাকবেন র্যা ব ও পুলিশ সদস্যরা। পরীক্ষা চলাকালে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সে জন্য সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছেন তাঁরা।