ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর থেকে শুরু হবে। মুঠোফোন কোম্পানি টেলিটকের মাধ্যমে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি-ইচ্ছুরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ‘এ’ ইউনিটে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ। ‘বি’ ইউনিটে রয়েছে সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগ। হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগ ‘সি’ ইউনিটে রয়েছে। ‘ডি’ ইউনিটে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ। অর্থনীতি এবং লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগ নিয়ে ‘ই’ ইউনিট গঠন হয়েছে। ভর্তির তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd থেকে পাওয়া যাবে।