ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর স্থগিত ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর শুরু হয়ে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্র জানায়, গত শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ নভেম্বরের স্থগিত ‘এ’ ও ‘এইচ’ ইউনিটের পরীক্ষা ৩০ নভেম্বর, ১৭ নভেম্বরের ‘বি’ ইউনিটের পরীক্ষা ১ ডিসেম্বর, ১৮ নভেম্বরের ‘সি’ ইউনিটের পরীক্ষা ২ ডিসেম্বর, ১৯ নভেম্বরের ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের পরীক্ষা ৩ ডিসেম্বর এবং ২০ নভেম্বরের ‘জি’ ইউনিটের পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো চারটি পালায় অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা প্রথম পালা, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় পালা, বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত তৃতীয় পালা এবং বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চতুর্থ পালায় এসব পরীক্ষা হবে।
অনিবার্য কারণে কোনো দিনের পরীক্ষা না হলে তা ধারাবাহিকভাবে পরবর্তী শনিবার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়। এ বছর আটটি ইউনিটের অধীনে ২২টি বিভাগে মোট এক হাজার ৪৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতিটি আসনের বিপরীতে ৫১ জন ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।