ভর্তি পরীক্ষা শেষে শিশুদের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের দুটি বিদ্যালয়ে গতকাল ছিল ভর্তি পরীক্ষা। পরীক্ষা ভালো না হওয়ায় শিশুরা কান্নায় ভেঙে পড়ে l প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের দুটি বিদ্যালয়ে গতকাল ছিল ভর্তি পরীক্ষা। পরীক্ষা ভালো না হওয়ায় শিশুরা কান্নায় ভেঙে পড়ে l প্রথম আলো

ঢং ঢং শব্দ তুলে ঘণ্টা বাজতেই ছুটে আসে শিশুর দল। এরপর অভিভাবকদের পেয়েই জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় শিশুরা। পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়ায় সব প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে না পারায় তারা এ ঘটনা ঘটায়।
ঠাকুরগাঁও শহরের দুটি সরকারি বিদ্যালয়ে গতকাল শুক্রবার ছিল ভর্তি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। পরীক্ষা শেষের ঘণ্টা বাজার সঙ্গে হুড়হুড় করে শিশুরা পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে শুরু করে। কিন্তু ওদের চোখ-মুখ কেমন জানি মলিন। অভিভাবকদের কাছে পেয়ে ঝরঝর করে কেঁদে ফেলে ওরা। শিশুদের কান্না দেখে অনেক অভিভাবকের চোখ থেকে গড়িয়ে পড়ে জল। একপর্যায়ে শিশু ও অভিভাবকদের কান্নায় ওই বিদ্যালয় দুটির মাঠের পরিবেশ ভারী হয়ে ওঠে।
বিদ্যালয়ের মাঠে অঝরে কাঁদছিল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া সানজিদা পারভীন। ভর্তি পরীক্ষায় তার কেন্দ্র ছিল বালক উচ্চবিদ্যালয়। সে সময় অন্য এক অভিভাবক ছুটে গিয়ে সানজিদার কাছে জানতে চান, তার বাবা-মাকে হারিয়ে ফেলেছে কি না। জবাবে সানজিদা বলে, ‘আমি বাবাকে খুঁজছি না। পরীক্ষায় অনেক লিখতে পারি নাই।’
আরেক শিশু জানায়, একটি বিষয়ের ব্যাখ্যা প্রদান, পরীক্ষায় ইংরেজি থেকে বাংলা করো, ইংরেজিতে সঠিক উত্তরটি লেখো; এ ছাড়া অন্য প্রশ্নগুলোও খুবই জটিল ছিল। সে সময় পাশে দাঁড়িয়ে শিশুটির কথা শুনছিলেন হাজিপাড়া মহল্লার কামরুল হাসান। পরে তিনি বলেন, প্রশ্ন খুবই কঠিন হয়েছে। সারা বছর কষ্ট করেও তাঁর মেয়ে ৪৫ নম্বরের উত্তরও লিখতে পারেনি।
এ বিষয়ে মো. আলাউদ্দিন নামের এক শিক্ষক বলেন, ঠাকুরগাঁওয়ের ভর্তি পরীক্ষায় এমন প্রশ্নপত্রে এলাকার শিক্ষার্থীরা অভ্যস্ত ছিল না। তাই নতুন ধারার প্রশ্নপত্র পেয়ে শিশুরা উত্তর লিখতে পারেনি।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রেও ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষায় অংশ নেওয়া অনেক শিশু হল থেকে বেরিয়ে কেঁদেছে বলে জানিয়েছেন অভিভাবকেরা।
এ বিষয়ে জেলা প্রশাসক ও ভর্তি কমিটির সভাপতি মো. আবদুল আওয়াল বলেন, প্রতিটি শব্দ ও বাক্যের গঠন দ্বিতীয় শ্রেণির পাঠ্য থেকে দেওয়া হয়েছে। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের একটি লেভেল রয়েছে। ওই লেভেল পর্যন্ত যেসব শব্দ-বাক্য শিশুরা ব্যবহার করতে পারবে, ঠিক ওই লেভেলের বাইরে কোনো প্রশ্ন দেওয়া হয়নি। শুধু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ৪৮০ আসনের বিপরীতে গতকাল ২ হাজার ১০০ শিশু ভর্তি পরীক্ষায় অংশ নেয়।