কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় নতুন করে ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়।
বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের এবং একই দিন বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
১৯ ডিসেম্বর বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে।
পরীক্ষা কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ভর্তি পরীক্ষার দিন দুই কপি পাসপোর্ট আকারের ছবি আনতে হবে পরীক্ষার্থীদের। ছবির পেছনে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও ইউনিটের নাম লিখতে হবে। ওই ছবিই প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) জানা যাবে।
এবার বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ১৭টি বিভাগে ৮০০ আসনের বিপরীতে ৩৬ হাজার ৩০৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর আগে হরতালের কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।
গত ৬, ৭ ও ৮ নভেম্বর ওই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।