খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর, প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ১০
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। ওই পরীক্ষায় ১ হাজার ৫টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ হাজার ৪৭৭ শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা হবে ১০ জনের।
২০ অক্টোবর শক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১৪টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে মোট ১০ হাজার ৫০০ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৩ জনকে বাদ দেওয়া হয়েছে।
এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত ৫টি আসনসহ সর্বমোট ১ হাজার ৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।