রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে, চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুকদের অংশগ্রহণের সুযোগ থাকছে না। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনসহ ভর্তি-প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ভর্তি পরীক্ষায় ২০১৬ সালে পাস করা শিক্ষার্থীরাই শুধু অংশগ্রহণ করতে পারবেন। ২০১৫ সালে পাস করা শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন না।