বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী বেশি হওয়ায় স্থায়ী-অস্থায়ী এবং নগরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয় ব্যাচের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু হবে।
সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ বলেন, এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২৯ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহসিন উদ্দীন জানান, এ বছর নতুন একটি অনুষদ এবং অতিরিক্ত ছয় বিভাগসহ মোট ছয়টি অনুষদ এবং ১৬ বিভাগের অধীন এক হাজার ১৩৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
উপাচার্য হারুনর রশীদ খান বলেন, বর্তমানে ছয়টি অনুষদের ১৬টি বিভাগ চালু আছে। ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি পাবে।
২০১১ সালে চার অনুষদ ও ছয়টি বিভাগে ৪০০ শিক্ষার্থী নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ওই বছর নগরের জিলা স্কুলের বর্ধিত অংশে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু হয়।