ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক শাখার উপরেজিস্ট্রার ফারুক আহম্মেদ গতকাল রোববার প্রথম আলোকে জানান, ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সভাপতিত্বে ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভর্তি পরীক্ষার জন্য আগামী ২, ৩, ৯ ও ১০ ডিসেম্বর—এ চারটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।ফারুক আহম্মেদ আরও জানান, একই দিনে একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাতে পরীক্ষা না পড়ে, এ জটিলতা নিরসনে ২০ আগস্ট ঢাকায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। জানা যায়, ঈদুল ফিতরের পর থেকে অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হবে।