চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে মুরাদপুর পর্যন্ত মিনিবাসের ভাড়া ১৩ টাকা। কিন্তু সে ভাড়া এখন রাখা হচ্ছে ৫০ টাকা। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট রেলস্টেশন পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৬ টাকা হলেও রাখা হচ্ছে ১০ টাকা। এ ছাড়া ক্যাম্পাস ও আশপাশের দোকানগুলোতে জিনিসপত্রের দাম রাখা হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চলছে এ নৈরাজ্য।
ময়মনসিংহ থেকে আসা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী রোকসানা আফরোজ প্রথম আলোকে বলেন, ‘আমি শাটল ট্রেনে জায়গা না পেয়ে নগরের মুরাদপুর থেকে মিনিবাসে করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। ভাড়া নিয়েছে ৫০ টাকা। নগরে ফেরার সময় নেওয়া হয়েছে ৭০ টাকা।’
ঠাকুরগাঁও থেকে আসা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে রেলস্টেশন পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া জনপ্রতি ৬ টাকা হলেও রাখা হচ্ছে ১০ টাকা। এ ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ের রেলগেট থেকে ১ নম্বরের ভাড়া ১০ টাকা হলেও নেওয়া হয়েছে ৪০ টাকা।
নোয়াখালী থেকে আসা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর এক অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘শিঙাড়া ও সমুচার দাম রাখা হচ্ছে আট টাকা করে। যা কিছুই কিনছি ৫ থেকে ১০ টাকা করে বেশি দিতে হচ্ছে। আর ভাত ও বিরিয়ানির ক্ষেত্রে দিতে হচ্ছে ৩০-৫০ টাকা বেশি।’
সরেজমিনে দেখা যায়, মিনিবাসের ভাড়া ১ নম্বর গেট থেকে নিউমার্কেটগামী বাসের ভাড়া নেওয়া হচ্ছে ৫০ টাকা করে। যাত্রীরা যেখানেই নামেন না কেন, একই ভাড়া নেওয়া হচ্ছে। জিরো পয়েন্ট থেকে সিএনজিচালিত অটোরিকশা ১ নম্বর বলে গাড়িতে তুললেও আধা কিলোমিটার আগে নামিয়ে দিয়ে ভাড়া নিচ্ছে ১০ টাকা করে। খাবারের দোকানগুলোতে ৬ টাকার চা রাখা হচ্ছে ১০ টাকা। ৪ টাকার শিঙাড়া আট টাকা, ৫ টাকার সমুচা রাখা হচ্ছে ৮ টাকা। ১৫ টাকার পানির বোতল ২০ টাকা। ৩০ টাকার খিচুড়ি রাখা হচ্ছে ৪০ টাকা। ৬০ টাকার বিরিয়ানির দাম রাখা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। এভাবে প্রতিটি খাবারের দাম বেশি রাখা হচ্ছে।
ভাড়া বেশি নেওয়ার কারণ জানতে চাইলে একটি মিনিবাসের (তরী) চালকের সহকারী মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ‘আমরা ৩০ টাকা ভাড়া নিচ্ছি, অন্য গাড়িগুলো ৫০ টাকা নিচ্ছে। ভর্তি পরীক্ষার সময় বাসের চেয়ে যাত্রী বেশি থাকায় ভাড়া বেশি আদায় করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের ঝুপড়ির এক দোকানদার ও তিনজন অটোরিকশার চালক বলেন, ভর্তি পরীক্ষার সময় তাঁরা এ রকম দাম নিয়ে থাকেন। একজন বলেন, ‘এটা তো আয়ের মৌসুম।’
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘ভাড়া বাড়িয়ে নেওয়া তো চাঁদাবাজি। যে বাসগুলো ভাড়া বাড়িয়ে নিচ্ছে সেগুলো আমাদের সমিতির নয়।’