খুলনা বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে উপাচার্য
ভর্তি পরীক্ষাকে সবকিছুর ঊর্ধ্বে রাখা আবশ্যক
খুলনা বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা বিশ্ববিদ্যালয়ের বিধিবিধানের মধ্যেই সমাধান করা যায়। এর জন্য সময় প্রয়োজন। কিন্তু ভর্তি পরীক্ষার মতো বিষয় সবকিছুর ঊর্ধ্বে রেখে কয়েক হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান করা অত্যাবশ্যক।গত মঙ্গলবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ তিনজন ডিনের কারণ দর্শানোর নোটিশ এবং তিনজন কর্মকর্তার বরখাস্তের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ভর্তি পরীক্ষা শুরু না করার যে দাবি করেছে, তা কোনোভাবেই সম্মত নয়। এমনকি তাদের কর্মসূচির কারণে প্রশাসনিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভর্তি পরীক্ষার মতো জনগুরুত্বপূর্ণ একটি বিষয় তাদের কাছে প্রাধান্য না পাওয়ায় দেশবাসীর কাছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।উপাচার্য ফায়েক জানান, উপাচার্য হিসেবে মো. সাইফুদ্দিন শাহের মেয়াদ শেষ হওয়ার পর ১ নভেম্বর তাঁকে দায়িত্ব দেওয়া হয়। বিদায়ী উপাচার্যের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। এ অবস্থার মধ্যেই তাঁকে দায়িত্ব নিতে হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতি এখনো বিদ্যমান। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের নতুন তারিখও তাঁরা ঘোষণা করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের চলমান এ অবস্থার দ্রুত অবসান হওয়া উচিত।বিশ্ববিদ্যালয়ের জমি জালিয়াতির বিষয়ে উপাচার্য তাঁর অবস্থান ব্যাখ্যা করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সে যে-ই হোক না কেন। কিন্তু সে কাজটি সম্পন্ন করতে প্রশাসনকে সুষ্ঠুভাবে কাজ করার পরিবেশ দেওয়া প্রয়োজন। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের একজন ডিনের বিরুদ্ধে নিয়োগ বাছাই বোর্ডের গোপন তথ্য ফাঁস ও তিনজন ডিনের (একজন সাবেক) বিরুদ্ধে ভর্তিসংক্রান্ত সভায় যোগ না দেওয়ার ব্যাপারে কারণ দর্শানো নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া একজন সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে উদ্দেশ করে অশালীন উক্তি করায় তিনজন কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন। কিছুসংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ওই ডিনদের কারণ দর্শানোর নোটিশ ও তিন কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে নানা কর্মসূচি পালন করায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।