ফরম পূরণ করেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবেদনকারী নির্ধারিত সংখ্যার বাইরে থাকার কারণে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না তাঁদের কাছ থেকে ফরমের জন্য নেওয়া টাকা ফেরত (সংশ্লিষ্ট খরচ ছাড়া) দেওয়া হবে। সভায় সভাপতিত্ব করেন ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান।
টাকা ফেরত পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি আবেদন ফরম দেওয়া থাকবে। ওই ফরম পূরণ করে অনলাইনে জমা দিলে নিজ নিজ ঠিকানায় মানি অর্ডারযোগে খরচ বাদ দিয়ে বাকি টাকা চলে যাবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৪৪ হাজার ৭৪১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্য থেকে বাছাই করে প্রতিটি স্কুলের জন্য ৭ হাজার জনকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। এবার ছয়টি স্কুল (অনুষদ) ও একটি ইনস্টিটিউটের আওতায় ২৮টি ডিসিপ্লিনে (বিভাগ) মোট ১ হাজার ২১১ জন ভর্তির সুযোগ পাবেন।
এ বছর ছয়টি স্কুলের মধ্যে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলে সাত হাজারের অনেক বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে ১৩ হাজার ৩৬৫টি এবং জীববিজ্ঞান স্কুলে ১২ হাজার ৬৪০টি। ফলে এই দুই স্কুলের আবেদনকারীদের মধ্য থেকে মেধাতালিকার ভিত্তিতে প্রণীত যোগ্যতমদের বাইরে কয়েক হাজার আবেদনকারী রয়ে যাচ্ছেন, যাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।
এ ব্যাপারে উপাচার্য বলেন, এবার আগেই সিদ্ধান্ত ছিল প্রতিটি স্কুলে সর্বোচ্চ সাত হাজার আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে যোগ্যতায় সাত হাজারতম আবেদনকারী যদি একাধিক হন, তাঁরাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তিনি বলেন, নির্ধারিত সংখ্যার বাইরে এবার অনেক বেশি আবেদন পড়েছে। তাই যাঁদের ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া গেল না, তাঁদের টাকা নৈতিকভাবে ফেরত দেওয়াই উচিত।