রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের আগামী মাসে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার আবেদন-প্রক্রিয়া গত শুক্রবার দিবাগত গভীর রাতে শেষ হয়েছে। ১ হাজার ১৯০টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৫৪ হাজার ২৯২টি। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয় ১৫ সেপ্টেম্বর। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর থাকলেও তা পরবর্তী সময়ে বাড়িয়ে ২০ নভেম্বর করা হয়। নেটওয়ার্কজনিত সমস্যার কারণে ফিরতি এসএমএস প্রার্থীদের কাছে পৌঁছাতে কিছুটা অতিরিক্ত সময় লাগছে। এতে আবেদনকারীর সংখ্যা কিছুটা বাড়তে পারে।
বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২১টি বিভাগে ১ হাজার ১৯০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬, ৭, ৮ ও ১০ ডিসেম্বর।