ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে উত্তর জালিয়াতির অভিযোগে ১৪ জন পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও একইভাবে জালিয়াতির অভিযোগে কয়েকজন পরীক্ষার্থী আটক হয়েছিলেন।
আটক ১৪ জন হলেন মো. বাসেতুল হাসান, রাকেশ ভৌমিক, জুয়েল রানা, রেজাউর রহমান রাব্বী, সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান, ফাহমিদা জামান, অপু চন্দ্র শীল, অমৃতা সরকার, এস এম রাব্বী পাঠান, মোজাম্মেল হক মোল্লা, সাদিয়া সুলতানা, গোলাম শাহরিয়ার ও আতিকুর রহমান। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তাঁদের শেখ বোরহানউদ্দিন কলেজ কেন্দ্র, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিটি কলেজ কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগ ভবন কেন্দ্র, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্র, টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল কেন্দ্র এবং মোহাম্মদপুর গার্লস স্কুল কেন্দ্র থেকে আটক করা হয়।