ভর্তি পরীক্ষায় জিপিএর ভিত্তিতে মূল্যায়ন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএর মূল্যায়ন না করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় গতবারের চেয়ে ইউনিট কমিয়ে আবেদনে ন্যূনতম জিপিএ পরিবর্তন আনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ সেপ্টেম্বর থেকে ভর্তির জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ভর্তি-প্রক্রিয়া হবে। ভর্তির ইউনিট ১৬টি থেকে কমিয়ে আটটি করা হয়েছে।
ভর্তির আবেদনের জন্য এবার মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৭.৫ পেতে হবে।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৪ সহ মোট জিপিএ ৮.৫ ও বাণিজ্য শাখা থেকে ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৮ পেতে হবে। রেজিস্ট্রেশন পদ্ধতিসহ ভর্তির বিস্তারিত তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) দেওয়া হবে।