ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন শেষে একই দাবিতে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফকে স্মারকলিপিও দেন তাঁরা।
মানববন্ধনে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা বলেন, আসন্ন ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্য ১০০ টাকা বৃদ্ধি করে ৫০০ টাকা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার ওপর আবেদন করতে প্রয়োজনীয় মোবাইল কোম্পানির চার্জ, ছবি, প্রবেশপত্র সংগ্রহসহ সব মিলিয়ে একটি ফরমের পেছনে খরচ পড়বে ৬৫০ টাকার মতো। ফলে একজন শিক্ষার্থীকে একটি বিশ্ববিদ্যালয়ের একাধিক ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হলেই গুনতে হবে কয়েক হাজার টাকা। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অতিসত্বর এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশিদুল সামির, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রুচি ভট্টাচার্য, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত প্রমুখ।
মানববন্ধন থেকে ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও সমাবেশ এবং আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সংহতি সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।