রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট ও ফরমের মূল্য কমানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদল উপাচার্যের কার্যালয়ে পৃথক স্মারকলিপি পেশ করে।
ছাত্র ফ্রন্টের স্মারকলিপিতে আসন্ন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য কমানোর দাবিসহ পাঁচ দফা দাবি জানানো হয়। এ ছাড়া দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা, পরীক্ষা চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, ভর্তি-বাণিজ্য ও প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য ‘সহায়তা কেন্দ্র’ স্থাপনের দাবি জানানো হয়। ছাত্র ফ্রন্টের প্রতিনিধিদলে সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মহর আলী, অর্থ সম্পাদক তাশনুভা তাহরীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্র ফেডারেশনের স্মারকলিপিতে ভর্তিচ্ছুদের ভোগান্তি দূর করতে ভর্তি পরীক্ষার ইউনিট আটটি থেকে কমিয়ে চারটি (ক, খ, গ, ঘ) করার দাবি জানানো হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক যারিফ, সাংগঠনিক সম্পাদক নুরুল প্রমুখ।