
রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পুনরায় কেন্দ্র চালু করার দাবি জানানো হয়েছে। জাগো রংপুর সংগঠনের ব্যানারে গতকাল সোমবার শহরের কাচারি বাজারে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে এই দাবি জানানো হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
জাগো রংপুর সংগঠনের আহ্বায়ক চিকিৎসক সৈয়দ মামুনুর রহমানে সভাপতিত্বে মানববন্ধনে প্রাইভেট প্র্যাকটিশনার মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ইউসুফ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুল ইসলাম, রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী, সাহিত্যিক মমতাজ হোসেন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক শাহীন রহমান, অভিভাবক জাফর পাশা প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ৪৩ বছর ধরে রংপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এখন নতুন করে বিভাগীয় শহর হয়েছে। তাই কেন্দ্র বাতিল করা হলে রংপুরের মানুষের সঙ্গে অন্যায় করা হবে। এ অঞ্চলের পরীক্ষার্থী ও অভিভাবকেরা চরম ভোগান্তির মধ্যে পড়বেন। তাঁরা আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের অজুহাতে গত বছর রংপুর মেডিকেল কলেজের পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়। সে সময় এ অভিযোগে তিন শিক্ষককে গ্রেপ্তার করা হলেও পরবর্তী সময়ে সেই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
রংপুরে ভর্তি পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবি জানিয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে ফ্যাক্স ও ই-মেইল বার্তা পাঠানো হয়েছে। আগামী ৭ অক্টোবর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।