সময়ের মুখ
ভর্তি পরীক্ষার খরচ জোগাতে গরুটিও বেচে দিয়েছিলেন বাবা
বাবা চা-বাগানের শ্রমিক। মা গৃহিণী। বেড়ে ওঠা চা-বাগানেই, দারিদ্র্যের মধ্যে। তবে বৃষ্টি বুনার্জীর অর্জন অসামান্য। সব পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন, এবার ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন শিমুল তরফদার।
প্রশ্ন :
প্রথম আলো: বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। কেমন লাগছে?
বৃষ্টি বুনার্জী: আমি খুবই আনন্দিত।
প্রশ্ন :
প্রথম আলো: ভর্তি হতে কত টাকা লাগল? টাকা জোগাড় হলো কীভাবে?
বৃষ্টি বুনার্জী: ১৩ হাজার টাকার মতো লেগেছে, যা ঋণ করা হয়েছে। ভর্তি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন এবং ভর্তি পরীক্ষা দিতে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম যাওয়া-আসা বাবদ ব্যয় হয়েছে। এর জন্য আমাদের একটিমাত্র গরু ছিল, সেটি বিক্রি করে দিয়েছেন বাবা।
প্রশ্ন :
প্রথম আলো: আপনি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় রয়েছেন, সেই খবর কীভাবে পেলেন? কাকে আগে জানিয়েছেন?
বৃষ্টি বুনার্জী: খবরটি আমার দাদা (জ্ঞাতিভাই পল্লব কুমার তাঁতী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত) আমাকে জানিয়েছেন। আমি সবার আগে জানিয়েছি আমার মাকে।
প্রশ্ন :
প্রথম আলো: মা-বাবা কী বলেছেন?
বৃষ্টি বুনার্জী: খুব খুশি হয়েছেন। আমার বাবা (বিজন বুনার্জী) সব সময় আমাকে সাপোর্ট (সমর্থন ও সহায়তা) করে গেছেন। এই খবর শুনে উনি অনেক আনন্দিত ছিলেন।
প্রশ্ন :
প্রথম আলো: আপনারা কয় ভাইবোন? বাকিরা কী করে?
বৃষ্টি বুনার্জী: আমরা দুই ভাইবোন। আমার ছোট ভাই বাধন বুনার্জী শ্রীমঙ্গল সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
প্রশ্ন :
প্রথম আলো: চা-বাগানের শ্রমিকেরা দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে অন্যতম। আপনার এই পর্যন্ত আসা নিশ্চয়ই সহজ ছিল না?
বৃষ্টি বুনার্জী: প্রাথমিকে যখন আমি ভালো করছিলাম, তখন মা-বাবা বলতেন ভালো করে পড়াশোনা করতে। আমার এই পর্যন্ত আসার ক্ষেত্রে মা, বাবা, ছোট ভাই, বড় মামা, ছোট মামা, জেঠি মা, বড়দি, ছোটদি, দাদা (জ্ঞাতিভাই) সবার কাছে কৃতজ্ঞ।
প্রশ্ন :
প্রথম আলো: কোন স্কুলে ও কলেজে পড়েছেন?
বৃষ্টি বুনার্জী: বিটিআরআই উচ্চবিদ্যালয় ও শ্রীমঙ্গল সরকারি কলেজ।
প্রশ্ন :
প্রথম আলো: স্কুল ও কলেজে কোন বিষয়ে পড়তে ভালো লাগত?
বৃষ্টি বুনার্জী: জীববিজ্ঞান ও রসায়ন।
প্রশ্ন :
প্রথম আলো: কোথাও বুঝতে অসুবিধা হলে কে সহযোগিতা করত?
বৃষ্টি বুনার্জী: দাদা (জ্ঞাতিভাই)।
প্রশ্ন :
প্রথম আলো: আপনি বলছিলেন, পড়াশোনা চালিয়ে নেওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন। কেন?
বৃষ্টি বুনার্জী: আমার বাবা একজন দিনমজুর, অস্থায়ী চা-শ্রমিক। গরু বিক্রি করেই হোক আর ঋণ করেই হোক—তিনি এই পর্যন্ত আমার সব প্রয়োজন মিটিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করা, থাকা-খাওয়া, শ্রীমঙ্গল থেকে যাওয়া-আসা অনেক খরচের ব্যাপার। বাবার স্বল্প আয়ে এই ব্যয় মেটানো অনেক কষ্টসাধ্য বিষয়। তাই এই দুশ্চিন্তা।
প্রশ্ন :
প্রথম আলো: বিশ্ববিদ্যালয় থেকে পাস করে কী করতে চান?
বৃষ্টি বুনার্জী: চা-শ্রমিকদের সন্তানদের জন্য কিছু একটা করার ইচ্ছা আছে।