ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪–১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার মুখ’ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে। শিক্ষক–শিক্ষার্থীরাও অংশ নেন গতকালের মানববন্ধনে l ছবি: প্রথম আলো
২০১৪–১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার মুখ’ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে। শিক্ষক–শিক্ষার্থীরাও অংশ নেন গতকালের মানববন্ধনে l ছবি: প্রথম আলো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার দাবিতে গতকাল সোমবার ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ‘বাংলার মুখ’ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এ আয়োজনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
প্রশাসনিক ভবনের সামনে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা মানববন্ধনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করা হয়। শিক্ষক সমিতির একটানা প্রায় তিন মাস আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ আছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আন্দোলনকারী শিক্ষকসহ সবার কাছে অবিলম্বে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান। এ সময় বক্তারা বলেন, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ উল আলম বলেন, ‘আমার জানামতে শুধু আমাদের বিশ্ববিদ্যালয় ছাড়া ইতিমধ্যে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ২১টি বিভাগে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন পড়েছে ৯০ হাজার ৪০২ জনের। এর বিপরীতে আসন রয়েছে ১ হাজার ২২৫টি। পূর্বঘোষণা অনুযায়ী গত ৪, ৫ ও ৬ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে গত ২ নভেম্বর থেকে ২৭ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে শিক্ষক সমিতি একটানা অসহযোগিতার আন্দোলন শুরু করে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। এরপর নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ বলেন, ‘আমরা আমাদের ন্যায়সংগত দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু প্রথম বর্ষ ভর্তির বিষয়ে উপাচার্য উদ্যোগ গ্রহণ না করায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আমরাও চাই না শিক্ষার্থী-অভিভাবকরা অনিশ্চয়তার মধ্যে থাকুক।’
উপাচার্য এ কে এম নূর-উন-নবী মুঠোফোনে বলেন, ‘আমিও ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন। আমার উদ্যোগ নেই এমন অভিযোগ সত্য নয়। ওনারাই তো (শিক্ষক সমিতি) ভর্তি কমিটিসহ বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। এ অবস্থায় আমারই বা কী করার আছে।’
গতকাল মানববন্ধনে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক অবিনাশ সরকার। এর আগে একই দাবিতে গত রোববার প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে মানবববন্ধন ও বিক্ষোভ করে।