চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ
ভর্তি পরীক্ষার নতুন নিয়ম বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নতুন নিয়ম চালু করার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাঁরা ভর্তি পরীক্ষায় নতুন পদ্ধতি বাতিল করে পুরোনো পদ্ধতি বহাল রাখার দাবি জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভর্তি পরীক্ষা দুই ধাপে সম্পন্ন হতো। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে অনুষদের অধীনে একটি লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হতো। শিক্ষার্থীরা বলেন, পুরোনো পদ্ধতির ফলে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার কোনো সুযোগ ছিল না। গত শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়া দুই শিক্ষার্থী ধরা পড়ে। কিন্তু বর্তমান পদ্ধতিতে জালিয়াতি করার সুযোগ রয়েছে। গতকাল শনিবার দুপুরে আইন অনুষদের শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি সঞ্চারকলিপি দেন।