জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বরিশালে এক কলেজশিক্ষকসহ দুজনকে আটক করা হয়েছে।গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই পরীক্ষা চলাকালে ব্রজমোহন (বিএম) কলেজের অদূরে একটি কোচিং সেন্টার থেকে প্রশ্নপত্রসহ তাঁদের আটক করে পুলিশ। আটক করা ব্যক্তিরা হলেন, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক কবির হোসেন ও তাঁর পরিচালিত রূপান্তর কোচিং সেন্টারের তত্ত্বাবধায়ক রিয়াজ হাওলাদার।বিএম কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল) বেলা ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সারা দেশের ১৪২টি কেন্দ্রে একযোগে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। রূপান্তর কোচিং সেন্টারে প্রশ্ন কেনাবেচার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে দুই ব্যক্তিকে আটক করে।’ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।