ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষা চলাকালে আটক দুই পরীক্ষার্থীর মুঠোফোনে উত্তর পাওয়ায় এ অভিযোগ ওঠে।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র জালিয়াতির ঘটনায় আটক এক পরীক্ষার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।
বেলা সাড়ে তিনটায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে মুঠোফোনে উত্তর পাওয়ায় তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে পরীক্ষার্থী মাসুম বিল্লাহকে আটক করা হয়। একই অভিযোগে গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কেন্দ্র থেকে পরীক্ষার্থী নাদিয়া আফরিনকে আটক করা হয়। মাসুম সাংবাদিকদের বলেন, ‘দুই লাখ টাকার বিনিময়ে আরিফ নামে তেজগাঁও কলেজের এক ছাত্র আমার মুঠোফোনে উত্তর পাঠিয়েছেন।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তেজগাঁও কলেজ কেন্দ্রে প্রায় একই ধরনের দুটি প্রবেশপত্র পাওয়ার অভিযোগে পরীক্ষার্থী জান্নাতুন নাইমকে আটক করা হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাদাত উল্লা বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হয়নি। যদি হয় তবে আমরা ব্যবস্থা নেব। আটকদের পুলিশের হাতে সোপর্দ করা হবে।’ আটক একজনকে ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো কথা না বলে সাংবাদিকদের তাঁর কক্ষ থেকে বের করে দেন। বলেন, ‘তোমরা কেমন সাংবাদিক, তা আমার জানা আছে।’