রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাল ভুল ছাপা হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রথম দিনে বি ইউনিটের (আইন অনুষদ) বিজোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নপত্রে এ ভুল দেখা যায়।
এমন ‘তথ্যবিকৃতিকে’ ইতিহাস অবমাননা অভিহিত করে অনেক শিক্ষক-শিক্ষার্থী সমালোচনা করেন। অনুষদের পক্ষ থেকে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করা হয়।
বি ইউনিটের পরীক্ষা ৪ নম্বর সেটের প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়। এর ৪১ নম্বর প্রশ্নটি ছিল ইংরেজি ব্যাকরণের প্রিপোজিশন বিষয়ে। শূন্যস্থান দিয়ে শুরু হওয়া প্রশ্নটি ছিল, ‘...ফিফটিন আগস্ট ২০১৬, বঙ্গবন্ধু ওয়াজ ব্রুটালি কিলড’ (‘...১৫ আগস্ট ২০১৬, বঙ্গবন্ধু নির্মমভাবে খুন হন।’) চারটি বিকল্প থেকে সঠিক প্রিপোজিশনটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু বলেন, প্রশ্ন দেখে মনে হয়েছে ভুলটি ইচ্ছাকৃত নয়। ঘটনাটি দুঃখজনক।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত যা-ই হোক, এটা মেনে নেওয়া যায় না।