ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফরম আগামী ৬ সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হবে। ভর্তি পরীক্ষা চলবে আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
গতকাল বুধবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন জমা দেওয়া যাবে এবং ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd -এ ঠিকানায় বিস্তারিত জানা যাবে।
এ বছর আটটি ইউনিটে ২২টি বিভাগের অধীনে এক হাজার ৪৬৫ আসনে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। ভর্তি পরীক্ষা চলবে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এবং আগামী ২ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।