চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফরম প্রথমবারের মতো মোবাইল ফোনেই বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১ সেপ্টেম্বর থেকে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি ফরম পাওয়া যাবে। ব্যাংকের মাধ্যমে এবার থেকে আর ভর্তি ফরম বিতরণ করা হচ্ছে না। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী ১ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। আর ভর্তি পরীক্ষা ৭ অক্টোবর শুরু হয়ে চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এবার নয়টি ইউনিটের অধীনে ১৪টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, যা মোবাইল ফোনের মাধ্যমে কেটে নেওয়া হবে।উপাচার্য আবু ইউসুফ জানান, ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের হয়রানি দূর ও ভর্তি ফরম বাণিজ্য রোধ করতে এবার মোবাইল ফোনের মাধ্যমে ফরম বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের হয়রানি দূর হবে। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির সঙ্গে ফরম পাওয়ার নিয়ম-কানুন জানানো হবে।