চট্টগ্রাম সেন্ট মেরিস স্কুল। স্কুলের ফটকের সামনে ফুটপাতের ওপর কেউ বসেছেন পাটি বিছিয়ে, কেউ আবার পত্রিকা বিছিয়ে। বাসা থেকে বহনযোগ্য প্লাস্টিকের চেয়ারও নিয়ে এসেছেন কেউ কেউ। তাঁরা সবাই সেন্ট মেরিস স্কুলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবক।সেন্ট মেরিস স্কুলে কেজি ওয়ান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফরম দেওয়া হবে আজ শুক্রবার সকাল থেকে। অথচ ফরম সংগ্রহের জন্য গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে গেছেন অভিভাবকেরা।গতকাল সরেজমিনে জামালখান মোড়ে অবস্থিত সেন্ট মেরিস স্কুলের সামনে গিয়ে অভিভাবকদের লাইন ধরার এ দৃশ্য দেখা যায়। আজ সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ফরম দেওয়া হবে।গতকাল রাত আটটার দিকে সেন্ট মেরিস স্কুলের ফটক থেকে শুরু হওয়া লাইন গড়িয়েছে জামালখান সড়কের মোড় হয়ে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় পর্যন্ত।খাতুনগঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াছ ফরম পেতে লাইনে দাঁড়িয়েছেন বৃহস্পতিবার সকাল নয়টায়। তিনি জানান, তিনিই প্রথম লাইনে দাঁড়িয়েছেন। মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘কী আর করব? উপায় তো নেই। সন্তানদের ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করার স্বপ্ন সব অভিভাবকেরই থাকে। সবার আগে ফরম পেতে সকালেই লাইনে দাঁড়িয়েছি। দুপুরের খাবার খেয়েছি পাশের একটি রেস্তোরাঁয়। রাতটা ফুটপাতেই কাটাব।’সরেজমিনে দেখা যায়, শত শত নারী-পুরুষ পত্রিকা, পাটি বিছিয়ে বসে আছেন সড়কের ফুটপাতের ওপর। গল্প-গুজব করে সময় কাটাচ্ছিলেন অপেক্ষমাণ অভিভাবকেরা।লাইনে দাঁড়ানো অভিভাবক মো. সরফরাজ ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষের এ নিয়মটি অত্যন্ত অমানবিক। তারা যদি ওয়েবসাইট কিংবা ব্যাংকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফরম দেওয়ার ব্যবস্থা করত, তাহলে অভিভাবকদের এত দুর্ভোগ পোহাতে হতো না।’ তিনি বলেন, ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহের সময় বাড়িয়েও এ দুর্ভোগ কমানো যেত।স্থানীয় নিরাপত্তারক্ষী মো. ইউসুফ জানান, তিনি ২৩ বছর ধরে এ এলাকায় কাজ করছেন। বছরের পর বছর অভিভাবকদের এ লাইন বাড়ছেই।