রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ভর্তি পরীক্ষার প্রথম দিনে আজ বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে গোয়েন্দা পুলিশের সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। সকাল নয়টা ৫০ মিনিটে বিশ্ববিদালয়ের বিনোদপুর ফটকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আহত ব্যক্তিরা হলেন গোয়েন্দা পুলিশের সদস্য মজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম, গাইবান্ধা থেকে আসা ভর্তি পরীক্ষার্থী যূথী ও রেশমি। অন্য দুজনের নাম জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা চার ধাপে সকাল নয়টা থেকে শুরু হয়। এ সময় বিনোদপুর ফটকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশকারীদের বোমা ও বিস্ফোরকদব্য শনাক্তকারী যন্ত্র (মেটাল ডিটেক্টর) দিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। তল্লাশির একপর্যায়ে সকাল নয়টা ৫০ মিনিটে এক যুবক একটি ব্যাগ রেখে দৌড়ে পালিয়ে যায়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে গোয়েন্দা পুলিশের সদস্য মজিবুর রহমানসহ চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিত্সা নিয়েছেন। ঘটনার সময় ভর্তি পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।
আহত যূথী ও রেশমি জানান, তাঁরা রিকশায় করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্যাম্পাসে ঢুকছিলেন। তাঁদের রিকশাটি বিনোদপুর গেটে পৌঁছালে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে তাঁরা দুজনই রিকশা থেকে পড়ে গিয়ে আহত হন।
প্রহরী নজরুল ইসলাম জানান, ‘তল্লাশি চালানোর সময় আমাদের সামনে ব্যাগ রেখে দিয়ে এক যুবক দৌড়ে পালিয়ে যায়। এর পরপরই বোমাটির বিস্ফোরণ ঘটে।’
নগরের মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, ‘আলামত দেখে মনে হচ্ছে এটি একটি সার্কিট বোমা। ঘটনার পরপরই আমরা ক্যাম্পাসে ও ঘটনাস্থলে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছি।’
এ ঘটনায় দুপুর ১২টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত ওসি) শামসুর নুর।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় বোমা হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’
সকাল নয়টা থেকে ‘এ’ ইউনিটের বিজোড় রোল নম্বর, বেলা ১১টা থেকে ‘এ’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা একটা থেকে ‘বি’ ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বেলা সাড়ে তিনটা থেকে ‘বি’ ইউনিটের জোড় রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদের আওতায় ৪৯টি বিষয়ে তিন হাজার ৬০১টি আসনের বিপরীতে এক লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন। এ হিসাবে প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।