শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে মিঠু সেন নামের এক পরীক্ষার্থী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের কাছে এ ঘটনা ঘটে।গতকাল শনিবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে প্রচারপত্র বিলির সময় জঙ্গি সন্দেহে তিন তরুণকে আটক করেছে পুলিশ।বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল এলাকায় শুক্রবার রাত আটটার দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান মিঠু। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে মুঠোফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিঠু বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁর পিঠ ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিঠুকে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মিঠু গতকাল বিকেল তিনটায় অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে পারেননি। তাঁর বাবা নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের বাসিন্দা সুমারু সেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছিনতাইকারীরা ভর্তিচ্ছুদের ছুরিকাঘাত করে, সেখানে ভর্তির পর নিরাপত্তা কোথায়?’ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। জঙ্গি সন্দেহে তিনজন আটক: গতকাল সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে মদন মোহন কলেজ কেন্দ্রে ‘প্রমিজিং ইয়্যুথ সাস্ট’ নামের একটি সংগঠনের প্রচারপত্র বিতরণ করছিল মুস্তাফিজ আহমেদ চৌধুরী, আবদুর রহমান সিদ্দিক ও নুরুজ্জামান রাসেল নামের তিন তরুণ। এ সময় জঙ্গি সন্দেহে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ‘প্রমিজিং ইয়্যুথ সাস্ট’ নামের কোনো সংগঠনের কার্যক্রমের অনুমোদন নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।