ভর্তি পরীক্ষায় এক পালার প্রশ্ন অন্য পালায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার প্রথম দিনে গতকাল শনিবার ‘ক’ ইউনিটের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চারটি পালায় ওই পরীক্ষা নেওয়া হয়। তৃতীয় পালার পরীক্ষার সময় চতুর্থ পালার একটি সেটের কিছু প্রশ্ন চলে আসে। এ কারণে কর্তৃপক্ষ নতুন করে প্রশ্নপত্র তৈরি করে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর চতুর্থ পালার পরীক্ষা গ্রহণ করে। দেরিতে পরীক্ষা গ্রহণ ও এ ব্যাপারে শিক্ষার্থীদের কিছু না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ওই পালার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। কয়েকজন শিক্ষার্থী বলেন, কর্তৃপক্ষ তাঁদের কিছু না জানিয়ে পরীক্ষা দেরিতে গ্রহণ করে। অপেক্ষার কারণে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।উত্তরা থেকে আসা এক শিক্ষার্থীর অভিভাবক এনামুল কবির বলেন, বিষয়টি জানিয়ে দিলে শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়ত না।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকাল নয়টায় ওই অনুষদের প্রথম পালার পরীক্ষা শুরু হয়। বেলা আড়াইটায় চতুর্থ পালার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে তৃতীয় পালার পরীক্ষা চলাকালে চতুর্থ পালার একটি সেটের কিছু প্রশ্ন পাওয়া যায়। কিন্তু বিষয়টি শিক্ষার্থীদের না জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চতুর্থ পালার ওই সেটের জন্য নতুন প্রশ্ন তৈরি করে। পরে বিকেল চারটায় ওই পালার পরীক্ষা নেওয়া হয়।কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির প্রথম আলোকে বলেন, ভুলবশত চতুর্থ পালার একটি সেটের প্রশ্ন তৃতীয় পালার পরীক্ষায় চলে যাওয়ায় ওই সেটের প্রশ্ন নতুন করে তৈরি করে পরীক্ষা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতি লক্ষ রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়।