ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক সেটে প্রশ্ন কম দেওয়া হয়েছে একটি। আর অপর একটি সেটে প্রশ্ন-নির্দেশনার ক্রমিক নম্বরে একাধিক ভুল পাওয়া গেছে।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্নপত্রের একটি সেটে দেখা যায়, ফিন্যান্স অংশে ২০টি প্রশ্নের মধ্যে ৬ নম্বর প্রশ্নের পরপরই ৮ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে। ৭ নম্বর প্রশ্নটি ছিলই না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, কম থাকা প্রশ্নটিতে সবাইকে নম্বর দেওয়া হবে।
তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক পরীক্ষার্থী। তাঁরা বলছেন, প্রশ্নের মাঝখানে হঠাৎ একটি প্রশ্ন না থাকার বিষয়টি অনেকে খেয়ালই করেননি। আর এ কারণে তাঁদের অনেকে ১৯টি বৃত্ত ভরাটের পর বুঝতে পারেন যে প্রশ্ন কম আছে। ৭ নম্বর প্রশ্ন না থাকার এই গরমিলে তাঁদের ১২টি প্রশ্নের উত্তরই ভুল হয়েছে।
এ বছর প্রশ্নের সেটের কোড বারকোডের মাধ্যমে দেওয়া থাকায় কোন সেটের প্রশ্নে একটি প্রশ্ন কম ছিল তা বোঝা যায়নি। ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রথম আলোকে বলেন, যে সেটটিতে প্রশ্ন কম ছিল, সেই সেটে যাঁরা পরীক্ষা দিয়েছেন, তাঁদের সবাইকে নম্বর দিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয়েছে। যাঁরা ক্রমিক নম্বরের ভুলে কিছু প্রশ্নের উত্তর অতিরিক্ত দিয়ে ফেলেছিলেন, তাঁদের অনেকের ওএমআর শিট পরিবর্তন করে দেওয়া হয়েছে।
এদিকে প্রশ্নপত্রের অন্য একটি সেট নিয়েও বিভ্রান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। ওই সেটে দেখা যায়, ইংরেজি অংশের শূন্যস্থান পূরণ অংশে ৬ থেকে ১২ পর্যন্ত পূরণের নির্দেশনা ছিল। কিন্তু শূন্যস্থান ছিল ৬ থেকে ১১ পর্যন্ত। প্রিপজিশন অংশে ১৩ থেকে ১৭ নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হলেও এই অংশটি শুরু হয়েছে ১২ নম্বর থেকে।
অধ্যাপক শিবলী দাবি করেন, ভুল ধরা পড়ার পর সঙ্গে সঙ্গে নির্দেশ পাঠানো হয়েছে—পরীক্ষার্থীরা যেন প্রশ্নপত্রে দেওয়া নির্দেশনা অনুসরণ না করেন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ৪২ হাজার ১৪৭ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছিলেন। বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়াও বাইরে মোট ৫৫টি কেন্দ্রে এই পরীক্ষা হয়।