সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আদিবাসী শিক্ষার্থীদের জন্য কোটা পদ্ধতি চালু হচ্ছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বাংলাদেশের অন্যান্য স্থানের তুলনায় সিলেট অঞ্চলে আদিবাসীদের বসবাস বেশি হওয়ায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আদিবাসী শিক্ষার্থী ভর্তির জন্য কোটা পদ্ধতি চালুর দাবি ওঠে। কিন্তু এ দাবি পূরণ হচ্ছিল না। ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা থেকে এ কোটা পদ্ধতি কার্যকর করার জন্য গত রোববার অনুষ্ঠিত ১১২তম একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ও ভর্ত্রিপরীক্ষা কমিটির সভাপতি ইয়াসমিন হক প্রথম আলোকে বলেন, আদিবাসী, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।