ভর্তি পরীক্ষায় কোটা সমন্বয়কারীর কক্ষ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিশেষ (প্রতিবন্ধী) কোটা সমন্বয়কারীর কক্ষে গতকাল রোববার ভাঙচুর করা হয়েছে। ছাত্রলীগের কর্মীরা এ ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কোটার ফল অবৈধ ঘোষণা করে তা বাতিলের দাবিতে ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে যান। পরে সেখানে অবস্থিত স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিশেষ কোটা সমন্বয়কারী অধ্যাপক সেলিম তোহার কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়। গত শনিবার কোটার ফল প্রকাশ করা হয়।জানতে চাইলে সেলিম তোহা বলেন, বিশেষ কোটার ব্যাপারে মেধার ভিত্তিতে ও যাচাই-বাছাই করে ফল প্রকাশ করা হয়েছে। তার পরও এমন ঘটনা দুঃখজনক।অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত নয়।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনার পরপরই আইন বিভাগের একাডেমিক কমিটির এক জরুরি সভা বসে। সেখানে এ ঘটনার তীব্র নিন্দা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।