ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজে অনুষ্ঠিত প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গতকাল শুক্রবার শিক্ষার্থীদের ক্যালকুলেটর নিয়ে হলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এক ঘণ্টার পরীক্ষায় আধা ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেয়। এতে অনেক পরীক্ষার্থীকে বিড়ম্বনায় পড়তে দেখা যায়। কারণ ইতিমধ্যে অনেক পরীক্ষার্থীর অভিভাবক বা বন্ধুবান্ধব ক্যালকুলেটর নিয়ে বাড়ি চলে যান। এতে অনেক পরীক্ষার্থী ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাননি বলে অভিযোগ পাওয়া গেছে।অন্যান্য মেডিকেল কলেজের মতো ফরিদপুর মেডিকেল কলেজেও গতকাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই পরীক্ষায় ফরিদপুর কেন্দ্রে ৬০৭ জন পরীক্ষার্থী অংশ নেন।ফরিদপুরের ঝিলটুলী মহল্লার বশির আহমেদ জানান, হলে ঢোকার সময় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ক্যালকুলেটর নিয়ে ঢুকতে দেয়নি। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা পর ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করায় আমরা প্রথমে সেটি ব্যবহার করতে দিইনি। পরীক্ষা শুরুর পর সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে হলের ভেতরে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়।’ সব শিক্ষার্থী ক্যালকুলেটর ব্যবহার করতে পারেননি—এ অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘যেসব পরীক্ষার্থী ওই সময় ক্যালকুলেটর সংগ্রহ করতে পারেনি, তাদের কলেজ থেকে ক্যালকুলেটর সরবরাহ করা হয়েছে।’