ভর্তি পরীক্ষায় জালিয়াতি আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
গতকাল বৃস্পতিবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আইন অনুষদে ভর্তি হতে ইচ্ছুকদের সাক্ষাৎকার গ্রহণকালে তাঁদের আটক করা হয়।
আটককৃত ওই তিন পরীক্ষার্থী হলেন কক্সবাজারের ফরহাদ হোসেন, পটুয়াখালীর সজীব হোসেন এবং রাজশাহীর সুলতানাবাদ এলাকার নোমানুল ইসলাম।
আইন অনুষদের ডিন বিশ্বজিৎ চন্দ বলেন, বি ইউনিটের (আইন অনুষদ) সাক্ষাৎকার গ্রহণের সময় এই তিন পরীক্ষার্থীর হাতের লেখা ও ছবির সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। এ সময় সাক্ষাৎকার গ্রহণকারী শিক্ষকেরা তাঁদের ভুয়া পরীক্ষার্থী হিসেবে গণ্য করে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করেন।
প্রক্টর তারিকুল হাসান বলেন, জালিয়াতির মাধ্যমে সাক্ষাৎকার দিতে আসা ওই ভর্তি-ইচ্ছুকদের নগরের মতিহার থানায় সোপর্দ করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক সোহেল রানা বলেন, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।