ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সহায়তার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার এবং অন্য একজনকে সতর্ক করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজীবন বহিষ্কৃত ছাত্র হলেন গণিত বিভাগের স্নাতকোত্তরের ছাত্র রিপন আলী। সতর্ক করে দেওয়া হয়েছে বাংলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র সাজ্জাদ হোসেনকে।
সংশ্লিষ্ট ভর্তি কমিটি ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে রিপন আলী ও সাজ্জাদ হোসেনকে পরীক্ষায় জালিয়াতিতে সহায়তার অভিযোগে আটক করে সাময়িক বহিষ্কারাদেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে সময় একটি তদন্ত কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুই ছাত্রের মধ্যে সাজ্জাদ হোসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে রিপন আলী কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। আটকের পর সাজ্জাদ হোসেনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু রিপন আলীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। এক মাস কারাভোগের পর তিনি ছাড়া পান।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা উপকমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা উপকমিটির সদস্যসচিব ও প্রক্টর মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা আনোয়ার হোসেন প্রমুখ। সভায় রিপন আলীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার এবং সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাঁকে শুধু সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়।