ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে জুতা খুলে তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের (সম্মান) কলা ও আইন অনুষদের (বি-ইউনিট) ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
এই ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী অধিকাংশ শিক্ষার্থী হাফ হাতা জামা ও স্যান্ডেল পরে (ড্রেস কোড) পরীক্ষায় অংশ নিয়েছেন। এতে করে গতকাল রাজধানীর কোনো পরীক্ষাকেন্দ্রেই জালিয়াতির ঘটনা ঘটেনি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি। তবে ড্রেস কোডের বিষয়ে কর্তৃপক্ষ শুধু তৎপর ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। বাকি কয়েকটি কেন্দ্রে ড্রেস কোডের বিষয়ে তেমন গুরুত্ব দিতে দেখা যায়নি।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের হাফ হাতা জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ছাড়া) পরে পরীক্ষাকেন্দ্রে আসতে বলা হয়েছিল। এ ছাড়া পরীক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) সঙ্গে আনতে নিষেধ করা হয়৷
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশের আগে প্রধান ফটকে ভর্তি-ইচ্ছুক প্রত্যেক শিক্ষার্থীর দেহ তল্লাশি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিএনসিসি ও রোভার স্কাউটের কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির বিষয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। এ ছাড়া ভর্তি-ইচ্ছুকদের পোশাকের বিষয়ে নির্দেশনা দেওয়ার ফলে জালিয়াতি করার প্রবণতা কমেছে।