
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা সামনে রেখে এবারও মুঠোফোনে প্রশ্ন ফাঁসের আশঙ্কা করা হচ্ছে। জালিয়াতি ঠেকাতে পরীক্ষার দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মত দিয়েছেন শিক্ষকেরা।
এদিকে পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের ‘ড্রেস কোড’ মেনে পরীক্ষাকেন্দ্রে আসতে বলেছে। পরীক্ষার্থীদের হাফহাতা জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরে আসতে হবে। মেয়েদের ক্ষেত্রে ড্রেস কোড কী হবে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মেয়েদের ক্ষেত্রে ও রকম কোনো বিধি নেই। তবে তাদের বিশেষ নজরদারিতে রাখা হবে।
গত সোমবার গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা হলে কোনো ইলেকট্রনিক ডিভাইস (যেমন—ক্যালকুলেটর, ঘড়ি, মুঠোফোন ইত্যাদি) সঙ্গে আনতে পারবেন না। আগামী শুক্রবার ‘বি ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে জালিয়াতি ধরা পড়ায় ২৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নয়টি মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এসব মামলার কোনো অগ্রগতি নেই৷
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে আগে জালিয়াত চক্রকে খুঁজে বের করা দরকার৷ এ ছাড়া পরীক্ষার দিন জালিয়াতি ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যক্তিকে সাজা দিলে এই প্রবণতা ক্রমান্বয়ে কমে আসবে৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেছেন, পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত বসানো যায় কি না, তা আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জালিয়াতি বন্ধ করা যাবে না। তা বন্ধ করতে হলে ভর্তি পরীক্ষার সময় মুঠোফোনে উত্তরপত্র পাঠানো চক্রকে ধরতে হবে। কিন্তু এ বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের একটি বড় অংশের সঙ্গে ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী জড়িত রয়েছেন। তাঁরা ইতিমধ্যে টাকার বিনিময়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরপত্র দেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হচ্ছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ জড়িত থাকার প্রমাণ পেলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও পুলিশে দেওয়া হবে।’
জালিয়াতির নয় মামলা: গত বছর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের (এ ইউনিট), কলা অনুষদ ও আইন অনুষদের (বি ইউনিট), ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) ও সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) পৃথক ভর্তি পরীক্ষা চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে মুঠোফোনের খুদে বার্তায় প্রশ্নের উত্তরসহ ধরা পড়েন ২৪ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। পরে তাঁদের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানা, শাহবাগ ও রমনা থানায় দুটি করে এবং লালবাগ, ধানমন্ডি ও মোহাম্মদপুর থানায় একটি করে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টরের দপ্তর থেকে জানায়, ওই ২৪ শিক্ষার্থীর মধ্যে ১৫ জনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ধরা পড়েন। বাকিদের ধরা হয় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র থেকে। তাঁদের অধিকাংশই টাকার বিনিময়ে উত্তরপত্র পাওয়ার কথা জানিয়েছিলেন৷ বর্তমানে মামলাগুলোর কোনো অগ্রগতি নেই বলে প্রক্টর দপ্তর জানিয়েছে।