ভর্তি পরীক্ষায় জালিয়াতি, তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা ও জালিয়াতি করার দায়ে ছয়জনকে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও অন্য তিনজনকে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে গতকাল বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এ বিচারকার্য পরিচালনা করেন হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) আরিফুল ইসলাম সরদার।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আরিফুল ইসলাম সরদার প্রথম আলোকে বলেন, ‘পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০–এর ৩ ধারায় মো. ইমরান হোসেন, আরাফাতুল ইসলাম ও মো. আমানুল্লাহকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. শাকিল হোসেন, মহসিন মিয়া, জাহিদ হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বুধবার সকালে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় টাকার বিনিময়ে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা ও জালিয়াতি করার অভিযোগে শাস্তি পাওয়া ছয়জনসহ মোট আটজনকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষায় কোনো রকম জালিয়াতি বরদাশত করা হবে না। যারাই জালিয়াতির চেষ্টা করবে, তাদের আটক করা হবে।’