জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষার সময় তাঁদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় আবদুল্লাহ আল নোমান নামের এক পরীক্ষার্থীকে সন্দেহ করেন পরীক্ষার পরিদর্শক। এরপর তল্লাশি করে তাঁর কাছে একটি মুঠোফোন পাওয়া যায়। কিছুক্ষণ পর তাঁর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার প্রশ্নের উত্তর আসতে থাকে। এ সময় নোমানকে আটক করে তাঁর মাধ্যমে জালিয়াতির সঙ্গে যুক্ত অন্যদের ফোন দিয়ে আসতে বলা হয়। নোমানের ফোন পেয়ে আবদুর রহমান নামের একজন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রায়হান আলী নতুন কলাভবনের সামনে আসেন। তখন প্রক্টরিয়াল বডি রায়হানকে আটক করে। তবে আবদুর রহমান দৌড়ে পালিয়ে যান। এরপর নোমান ও রায়হানের মাধমে জালিয়াতিতে যুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ভর্তি পরীক্ষার্থী ইবরার রাকাত, মো. শাহনেয়াজ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষার্থী মেহেদী হাসানকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মুজিবুর রহমান জানান, আটক চারজনকে পুলিশে সোপর্দ করা হবে।