ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রথমবারের মতো পরীক্ষা চলাকালে অভিযান চালাবেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রশাসনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষা শেষ হবে।
বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করবেন ভ্রাম্যমাণ আদালত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হলে পরীক্ষার্থীরা মুঠোফোনসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন ঘড়ি, ক্যালকুলেটর, হেডফোন) ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার হলে শিক্ষার্থীরা কাপড় বা অন্য কোনোভাবে কান ঢেকে রাখতে পারবেন না। নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্মেলনে আরও জানানো হয়, এ বছর ভর্তি পরীক্ষায় আটটি অনুষদের ৫০টি বিভাগের অধীনে তিন হাজার ৮২৮টি আসনের বিপরীতে এক লাখ ৬৬ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসন ইলিয়াছ হোসেন প্রমুখ।