ভর্তি পরীক্ষায় জালিয়াতি, মামলা চারজন জেলে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সমঞ্চান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে জালিয়াতি ও অসদুপায় অবলম্বনের অভিযোগে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গত শুক্রবার নগরের মতিহার থানায় মামলাটি দায়ের করে। এ ঘটনায় আটক হওয়া চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা শুরু হয়। গত রোববার সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়। গত শুক্রবার পরীক্ষা চলাকালে মুঠোফোনে উত্তর নেওয়ার অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করে প্রশাসন। তাঁরা হলেন বগুড়ার শেরপুরের তরিকুল ইসলাম, আসাদুর রহমান ও নাটোরের নূরজাহান। এরপর গত শনিবার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র কল্লোল হোসেনকে ওই দিন থানায় সোপর্দ করা হয়। প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পেরেছি, জালিয়াতি চক্রটি ঢাকা থেকে পরিচালিত হয়। স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে তারা ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছে। আমরা মূল হোতাদের ধরার চেষ্টা করছি।’
নগরের মতিহার থানার ওসি শামসুর নূর জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত শুক্রবার রাতে এ ঘটনায় মামলা করেছে। শুক্রবার আটক হওয়া তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর শনিবার আটক হওয়া কল্লোলকে একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।